টেক্সটাইল খাতে ডিজিটাল প্রিন্টিংয়ের আধুনিক সমাধান প্রদর্শন করছে ডিসিএটেক
টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পে আধুনিক ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তির ব্যবহার তুলে ধরতে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে ডিসিএটেক ইনোভাএজ লিমিটেড।
পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বুধবার শুরু হয়েছে ‘২০২৬ টেক্সটাইল সিরিজ অব ২৫তম এক্সিবিশনস’। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ডিসিএটেকের স্টল E1।
প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি সাবলিমেশন প্রিন্টার, ডাই সাবলিমেশন পেপার, ফ্যাব্রিক ইন্সপেকশন মেশিন, হিট ট্রান্সফার মেশিন ও হিট প্রেস মেশিনসহ বিভিন্ন ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি উপস্থাপন করছে। দর্শনার্থীরা স্টলে গিয়ে প্রযুক্তিগুলোর ব্যবহারিক কার্যক্রম দেখার পাশাপাশি পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারছেন।
১৯৯৫ সালে বাংলাদেশে আইটি ও প্রিন্টিং প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে ডিসিএটেক। বর্তমানে প্রতিষ্ঠানটি রিফিল, সাবলিমেশন, রিঅ্যাক্টিভ, পিগমেন্ট, ডিসপার্স ও অ্যাসিড ইঙ্কসহ বিভিন্ন ধরনের কালি উৎপাদন ও সরবরাহ করছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের প্রিন্টার, হিট ট্রান্সফার মেশিন ও সাবলিমেশন পেপার নিয়েও কাজ করছে তারা।
প্রতিষ্ঠানটির সিস্টার কনসার্ন ইঙ্ক মাস্টার ২০১০ সাল থেকে ওয়াটার-বেজড ডাই ইঙ্ক উৎপাদন করছে। প্রতিষ্ঠানটির দাবি, এসব পণ্য সিরামিক ও প্যাকেজিংসহ বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়।
ডিসিএটেকের কর্মকর্তারা বলেন, টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পে প্রযুক্তিনির্ভর উৎপাদন বাড়ায় উন্নত ডিজিটাল প্রিন্টিং সমাধানের প্রয়োজনীয়তাও বাড়ছে। আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে দেশীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে এসব প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই তাদের অন্যতম উদ্দেশ্য।
প্রতিষ্ঠানটি জানায়, ২০১১ সাল থেকে দেশ-বিদেশে ২৫টির বেশি প্রযুক্তি ও শিল্প প্রদর্শনীতে অংশ নিয়েছে ডিসিএটেক।




































