মঙ্গলবার , ০৭ এপ্রিল ২০২৬

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৭:৩০, ৭ এপ্রিল ২০২৬

১১ দলীয় জোটের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

১১ দলীয় জোটের ৫ দিনের কর্মসূচি ঘোষণা
ছবি সংগৃহীত

জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও বিক্ষোভ। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। এর উদ্বোধন হবে রাজধানীর শাহবাগে।

এছাড়া, ১১ এপ্রিল সব মহানগরীতে এবং ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। কর্মসূচির শেষ দিনে, ১৩ এপ্রিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি জাতীয় সেমিনার আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এতে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এর আগে সকাল ১০টা থেকে একই স্থানে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ১১ দলের শীর্ষ নেতারা গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়