পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বসাতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা দেবে সরকার
পরীক্ষার পরিবেশ আরও সুষ্ঠু ও স্বচ্ছ করতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এ খাতে সরকার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা প্রদান করবে।
সোমবার (৬ এপ্রিল) আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ টাউন হলে আয়োজিত এক সচেতনতামূলক সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সিসিটিভি স্থাপনের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম দূর থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। কোনো অনিয়মের অভিযোগ উঠলে তা যাচাইয়ের জন্য ফুটেজ সংরক্ষণ করে রাখা হবে।
তিনি আরও জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে সিসিটিভি স্থাপনের সামর্থ্য নেই, তারা শিক্ষা বোর্ডের অনুমোদন সাপেক্ষে এই আর্থিক সহায়তা পাবে।
এছাড়া পাবলিক পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়টি আরও কঠোরভাবে বাস্তবায়ন এবং সব ধরনের অনিয়ম প্রতিরোধে ১৯৮০ সালের ‘পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট’ যুগোপযোগী করার পরিকল্পনাও সরকারের রয়েছে।





































