বুধবার , ১৩ মে ২০২৬

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৬:০৭, ৯ এপ্রিল ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট পরিবার

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট পরিবার
ছবি সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে তার পরিবার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণা করে। রায়ে দুই পুলিশ সদস্য—আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ডসহ অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

তবে এই রায়ে সন্তুষ্ট নয় নিহত আবু সাঈদের পরিবার। তার বাবা অভিযোগ করে বলেন, হত্যার পেছনে যারা নির্দেশদাতা, তারা শাস্তির বাইরে রয়ে গেছে।

পরিবারের দাবি, কেবল কয়েকজন পুলিশ সদস্যের শাস্তির মাধ্যমে মূল অপরাধীদের দায় এড়ানো হয়েছে। তারা মনে করেন, ঘটনার সঙ্গে জড়িত উচ্চপর্যায়ের ব্যক্তিদেরও বিচারের আওতায় আনা উচিত ছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় সহায়তা পেলে তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।

সর্বশেষ

জনপ্রিয়